ঝিনাইদহে মুক্তিপণ না পেয়ে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন
অপহরণের তিন দিন পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন ব্যানার্জীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সদরের আড়পাড়ার একটি মেস থেকে তাঁর লাশ উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। মুক্তিপণ না পেয়ে সুমনকে হত্যার কথা তাঁরা স্বীকার করেছেন র্যাবের সদস্যদের কাছে। আটক যুবকেরা হলেন কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের আশরাফুল ইসলাম, কাদিপুর গ্রামের সাজেদুল ইসলাম ও যশোরের অভয়নগর উপজেলার কুতুব উদ্দিন।নিহত সুমন কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের মৃত শুকুমার ব্যানার্জীর ছেলে। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড ফিশারিজ বায়োসায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সুমনের কাকা শ্যামসুন্দর ব্যানার্জী জানান, গত সোমবার বিকেলে সুমন টিউশনি করতে কালীগঞ্জ সদরে যান। সন্ধ্যার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওইদিন রাতে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে জানানো হয়, সুমনকে অপহরণ করা হয়েছে। আট লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে। বিষয়টি পুলিশকে জানালে সুমনকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়।ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. হামিদুল হক জানান, অপহরণের বিষয়টি জানার পর থেকে তাঁরা উদ্ধার-তৎপরতা শুরু করেন। সুমনের কাকার কাছে যে মুঠোফোন থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল, সেটির অবস্থান শনাক্ত করা হয়। মুঠোফোনের অবস্থান অনুযায়ী জানা যায়, অপহরণকারীরা কালীগঞ্জ শহর এলাকায় অবস্থান করছেন। এরপর তাঁরা মুক্তিপণ দেওয়ার কথা বলে ফাঁদ পাতেন। অপহরণকারীদের জানানো হয়, বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর শহরের ভাঙাগেট এলাকায় গেলে মুক্তিপণের টাকা দেওয়া হবে। ওই সময় র্যাবের সদস্যরা সেখানে সাদা পোশাকে ওত পেতে থাকেন। নির্ধারিত সময়ে সেখানে টাকা নিতে এসে র্যাবের সদস্যদের হাতে আটক হন আশরাফুল ইসলাম ও কুতুব উদ্দিন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ শহরের মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় সাজেদুল ইসলামকে। তিনি ওই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার জনৈক নুরুল ইসলামের বাড়ি থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। দোতলা ওই বাড়ির নিচতলার মেসে থাকেন আশরাফুল ও সাজেদুল।র্যাবের কর্মকর্তা হামিদুল হক জানান, সুমনকে হত্যার কথা র্যাবের কাছে স্বীকার করে আশরাফুল ঘটনার বর্ণনা দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মুক্তিপণ আদায়ের জন্য সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের বিহারীপাড়া মোড় থেকে তাঁরা সুমনকে অপহরণ করেন। ওই রাতেই সুমনের নিকটাত্মীয়দের কাছে ফোন করে আট লাখ টাকা দাবি করা হয়। কিন্তু তাঁরা টাকা দিতে চাননি। ওই অবস্থায় সুমনকে আটকে রাখতেও তাঁরা ভয় পাচ্ছিলেন। ভয়ে অপহরণের দিন রাতেই শ্বাসরোধ করে সুমনকে হত্যার পর তোশক দিয়ে লাশ মুড়িয়ে ঘরের খাটের নিচে রেখে তাঁরা চলে যান। যাওয়ার সময় বাইরে থেকে ঘরে তালা দিয়ে যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।লাশ উদ্ধারের খবর পেয়ে কাদিপুরে সুমনের বাড়িতে ভিড় জমান আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। সেখানে গিয়ে দেখা যায়, সুমনের বিধবা মা অনিতা ব্যানার্জী বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।