ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে মারধর করলেন আ.লীগের নেতা-কর্মীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামকে গতকাল শনিবার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা সদরে স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের অস্থায়ী কার্যালয়ে একটি সালিস বৈঠকের সময় এই ঘটনা ঘটে।মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, ১৮ আগস্ট উপজেলার শ্যামকুড় গ্রামের যুদ্ধাহত অন্ধ মুক্তিযোদ্ধা আবু জাফরের স্ত্রী আনজুরা খাতুনকে ওই গ্রামের কয়েকজন সন্ত্রাসী মারধর করে। ১৯ আগস্ট তিনি আনজুরাকে নিয়ে থানায় মামলা করতে গেলে শ্যামকুড় এলাকার কয়েকজন বিষয়টি মীমাংসা করে দেবেন বলে জানান। পরে গতকাল সালিস বৈঠকের সিদ্ধান্ত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সালিসে পক্ষ নেওয়া না-নেওয়া নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তাঁর অভিযোগ, একপর্যায়ে নেতা-কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। এ সময় তিনি দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেন। তাঁর দাবি, হামলাকারীদের একজন থানা ভবনের ভেতরে গিয়ে তাঁকে চড়-থাপড় দিতে শুরু করেন। এ সময় পুলিশ তাঁকে রক্ষা করে।নুরুল ইসলাম বলেন, তাঁর ছেলে রাজা মিয়া বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। তিনি জানান, এ ব্যাপারে সোমবার মুক্তিযোদ্ধাদের সভা আহ্বান করা হয়েছে। সেখানে করণীয় নির্ধারণ করা হবে।শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য তিমির চৌধুরী বলেন, তাঁরা দুটি পরিবারের বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন। কিন্তু কমান্ডার নুরুল ইসলাম সালিসের আগে এক পক্ষের লোক পরিচয় দেওয়ায় গোলমাল শুরু হয়। তাঁর দাবি, নুরুল ইসলাম যুবলীগের এক কর্মীকে মারতে গিয়েছিলেন। যে কারণে লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হয়। তবে নুরুল ইসলামকে মারধর করা হয়নি।মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, সালিসের সময় এক পক্ষের তাড়া খেয়ে নুরুল ইসলাম থানায় আশ্রয় নেন। তিনি বলেন, থানার ভেতরে কোনো ঘটনা ঘটেনি। যাঁরা ধাওয়া করেছিলেন, তাঁরা শান্ত হয়ে গেলে নুরুল ইসলাম চলে যান।