ঝিনাইদহে মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করে কৃষিশ্রমিককে হত্যা
দুর্বৃত্তদের গুলিতে ঝিনাইদহের সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আসাদুল ইসলাম নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাঁর মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে গুলি করা হয়।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আসাদুল (২৭) গতকাল সকাল থেকে নিজ গ্রামের তালতলা পাড়া মাঠে একটি পাটখেতে একা কাজ করছিলেন। সকাল ১০টার দিকে আট-নয়জনের একটি সশস্ত্র দুর্বৃত্তের দল আসাদুলের কাছে যায়। এ সময় আসাদুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা ধাওয়া দিয়ে তাঁকে ধরে ফেলে। পরে মুখের ভেতর আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানান, আসাদুল একই গ্রামের একটি পক্ষের রোষানলের শিকার হয়েছেন। এর আগে আসাদুল ওই পক্ষটির অন্যায় কাজের প্রতিবাদ করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, শাটারগান দিয়ে গুলি করে আসাদুলকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।