ঝিনাইদহে যুবককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শাহাবুল হক (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শুড়া গ্রামের দোলোখালী মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। নিহত শাহাবুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নৌলামারী গ্রামের আবদুস সাত্তারের ছেলে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, হরিণাকুণ্ডু ও আলমডাঙ্গা সীমান্তের শুড়া গ্রামের দোলোখালী মাঠে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা শাহাবুলকে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে মাঠে কাজ করতে গিয়ে তাঁর গলা কাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।ওসি আরও জানান, নিহত শাহাবুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হরিণাকুণ্ডু ও আলমডাঙ্গা থানায় চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে।