ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন!
বাবার বাড়ি থেকে চাহিদামতো টাকা এনে না দেওয়ায় এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী আবদুল হালিমের বিরুদ্ধে। রাবেয়া খাতুন (শিলু) নামের ওই গৃহবধূকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে র্যাব-৩-এ কর্মরত আবদুল হালিম তাঁর ভাই মো. তুষারকে সঙ্গে নিয়ে ঘরে আটকে রেখে এই নির্যাতন চালান বলে অভিযোগ করেছেন শিলুর পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, একই উপজেলার চরচড়িয়া গ্রামের শহীদুল জোয়ার্দারের মেয়ে শিলুর সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় বারইপাড়া গ্রামের আবদুল হালিমের। তাঁদের একটি মেয়েসন্তান রয়েছে। হালিম সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছেন। বাড়ি এসে তিনি শিলুর ওপর চাপ দিতে থাকেন বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার। এতে সহযোগিতা করেন হালিমের এক ভাই মো. তুষার। গতকাল সকাল ১০টার দিকে এ নিয়ে বিতর্কের একপর্যায়ে তাঁরা দুজন মিলে শিলুকে ঘরে আটকে রেখে বেধড়ক মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিলু জানান, ১২ বছর ধরেই তিনি নির্যাতিত হচ্ছেন। টাকার জন্য তাঁরা এই নির্যাতন করেন। সর্বশেষ ৫০ হাজার টাকার জন্য নির্যাতন করা হয়েছে। তিনি এই নির্যাতনের বিচার দাবি করেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। র্যাবের সদস্য আবদুল হালিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তিনি জেনেছেন, ইতিমধ্যে ওই সদস্যের ছুটি বাতিল করে তাঁকে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে। এর পরও প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।