ঝিনাইদহে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের পবহাটি এলাকায় জামতলা নামক স্থানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

র‍্যাবের ভাষ্য, নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় একটি মোটরসাইকেল, ১০০টি ইয়াবা, ৫৫ বোতল ফেনসিডিল, দুটি ওয়ান শুটারগান ও দুটি গুলি জব্দ করা হয়েছে।

নিহত দুজন হলেন সদর উপজেলার উদয়পুর গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (৩৪) এবং পৌরসভার বাঘা যতীন সড়ক এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে সাজ্জাতুল ইসলাম (৩৫)।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মুর্শেদ বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামতলা এলাকায় র‍্যাব টহল দেওয়ার সময় রাজ্জাক ও সাজ্জাতুল মোটরসাইকেলে করে পালাচ্ছিলেন। ওই সময় র‍্যাব সদস্যরা তাঁদের থামতে বলে তাঁরা র‍্যাবের দিকে গুলি ছোড়েন। ওই সময় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখানে রাজ্জাক ও সাজ্জাতুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুজনকে র‍্যাব ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এএসপি জানান, নিহত দুজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে।