ঝিনাইদহে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন
এক মাসের ব্যবধানে তিন শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিহত কলেজছাত্র শাহেদের বাবা আবদুল কাদের, স্কুলছাত্র অন্তরের পিতা অনুকুল কর্মকার, মানবাধিকারকর্মী অধ্যক্ষ আমিনুর রহমান, সনাকের আহ্বায়ক অধ্যক্ষ এন এম শাহজালাল, পরিবেশ আন্দোলনের নেতা মাসুদ আহমেদ, এইডের পরিচালক তারিকুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবুপদ বিশ্বাস, উইয়ের পরিচালক শরিফা খাতুন, আইনজীবী আবদুল মোতালেব, সাংস্কৃতিককর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, স্কুলছাত্রী রূপান্তর প্রমুখ। বক্তারা অবিলম্বে শিশু-কিশোর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে প্রশাসনের কাছে এ ধরনের হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ জেলা শাখার নেতা আমিনুর রহমান জানান, অল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। শিশুহত্যা বন্ধে স্থানীয় প্রশাসনসহ সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।এক মাসের ব্যবধানে ঝিনাইদহে তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্রাবণী, কলেজছাত্র শাহেদ আহম্মদ ও ১০ম শ্রেণীর ছাত্র অন্তর চৌধুরীকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে।