ঝিনাইদহে শিয়ালের কামড়ে দুই কৃষকের মৃত্যু, আতঙ্ক
ঝিনাইদহে শিয়ালের কামড়ে মারা গেছেন দুই কৃষক। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও এক কৃষক। অপর একজন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।শিয়ালের আক্রমণে মারা যাওয়া কৃষক দুজন হলেন: জেলার হরিণাকুণ্ডু উপজেলার পাঁচটিকারী গ্রামের সমসের আলী (৩৫) ও পাবনা থেকে এই গ্রামে কাজ করতে আসা কৃষক মোহাম্মদ আলী (৩২)। গত ২৭ ও ২৯ জুলাই ওই চার কৃষক মাঠে কাজ করার সময় শিয়াল তাঁদের ওপর আক্রমণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মোহাম্মদ আলী ও বুধবার সমসের আলী মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মথুরাপুর গ্রামের তাছের আলী (৩৫)। ওই ঘটনায় পাঁচটিকারী, মথুরাপুর ও শিতালীপাড়া গ্রামে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। দিনের বেলায়ও একা কোনো কৃষক মাঠে কাজ করতে যেতে সাহস পাচ্ছেন না। আর সন্ধ্যার পর মাঠে থাকছেন না কোনো কৃষক। গ্রামবাসী বলছে, রাতে শিয়াল মাঠ ছেড়ে গ্রামে ঢুকছে। অনেকের হাঁস-মুরগি খেয়ে ফেলছে। শিয়ালের ভয়ে লোকজন রাতে ঘর ছেড়ে বের হচ্ছে না।