ঝিনাইদহে শ্বাসরোধে এক ব্যক্তিকে হত্যা
ঝিনাইদহ শহরসংলগ্ন পবহাটি গ্রামের মাঠে সৌরভ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বুধবার দুপুরে তামাকখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে। সৌরভ শহরের পুলিশ লাইনের জুনিয়র মডেল হাইস্কুলে পিয়নের চাকরি করতেন।এলাকাবাসী জানান, সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের নজের আলীর ছেলে সৌরভ হোসেন গত সোমবার সকালে নাশতা করার কথা বলে স্কুল থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তামাকখেতের ভেতর কৃষকেরা কাজ করার সময় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঝিনাইদহ সদর থানার এসআই (উপপরিদর্শক) এজাজ আহম্মদ জানান, দুর্বৃত্তরা তাঁকে ধরে এনে তামাকখেতের ভেতর শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে ফেলে রেখে গেছে। এ হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। গতকাল বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।