ঝিনাইদহে শ্রমিক-পুলিশ সংঘর্ষ পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে একটি তৈরি পোশাক কারখানায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার জিন্নাহনগর বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পুলিশ আলাউদ্দিন নামের এক শ্রমিককে আটক করেছে।পোশাকশ্রমিকেরা জানান, তাঁরা বেশ কিছুদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। উল্টো মঙ্গলবার রাতে তিন-চারজন শ্রমিকের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাঁদের হয়রানি করা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এ ঘটনার প্রতিবাদে জিন্নাহনগর বাজারে প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশ শ্রমিকদের মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২০ শ্রমিক আহত হন। তাঁদের মহেশপুর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কারখানার কর্মকর্তা কবির হোসেন জানান, শ্রমিকদের দাবি অযৌক্তিক। তাঁরা শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিয়ে আসছেন। এলাকার কিছু লোক শ্রমিকদের উসকানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছেন। এ ব্যাপারে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার জোবায়েদুর রহমান জানান, স্থানীয় একটি মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে।