ঝিনাইদহ শহরে গতকাল শুক্রবার ইসলামি ও সমমনা ১২টি দলের নেতা-কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৪০)। তিনি ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। সালামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী গ্রামে। সংঘর্ষে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের পর ইসলামি ও সমমনা ১২ দলের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিলটি শহরের শেরেবাংলা সড়ক হয়ে পায়রা চত্বরের দিকে যাওয়ার পথে হাটের রাস্তায় পৌঁছালে সরকার সমর্থকেরা এতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে আবদুস সালামসহ কমপক্ষে ২০ জন আহত হন। সালামকে গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপ করে।সংঘর্ষের সময় মিছিলে হামলাকারীরা দৈনিক জনতার স্থানীয় প্রতিনিধি আ. সালামকে পিটিয়ে আহত করেন। আ. সালামকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নয়া দিগন্ত ও দিগন্ত টিভির সাংবাদিক আলাউদ্দীন আজাদ, দেশ টিভি ও ভোরের কাগজ-এর প্রতিনিধি আবদুর রহমান এবং স্থানীয় সাংবাদিক আলমগীর কবিরের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করা হয়। শিবিরের কর্মী সন্দেহে মনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনির হোসেন জানান, তাঁরা ১০ থেকে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপ করা হয়েছে। পরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। দুজনকে আটক করা হয়েছে।ইসলামি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে মিছিলে হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম বলেন, এ হামলার সঙ্গে ছাত্রলীগ বা সরকার সমর্থকেরা জড়িত নন।