
১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগ মুহূর্তে আজ শনিবার ভোরে রাজধানীর দলীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইসরাইল হোসেন (২৪) নামের ছাত্রশিবিরের একজন কর্মী নিহত হয়েছেন।
চট্টগ্রাম নগরের এ কে খান রোড ও চাঁদগাঁও এলাকায় অবরোধ-সমর্থকদের সঙ্গে পৃথক সংঘর্ষে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া নগরের জিইসি মোড় থেকে ৪০০টি গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। রাজশাহীতে ধান ও ওষুধবাহী পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজধানীসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনার খবর পাওয়া গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
ঢাকা: গাবতলী বাস টার্মিনালের কাছে সকাল সাড়ে ছয়টার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় সকাল সাতটায় জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ সেখান থেকে আবদুল হালিম ভূঁইয়া ও আনোয়ারুল কবির নামের দুজনকে আটক করে। সকাল নয়টার দিকে রাজধানীর গ্রিন রোডে অবরোধের সমর্থনে বের করা শিবিরের মিছিল থেকে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একই সময় রামপুরায় মিছিল করতে গিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের কর্মীরা। দুপুর ১২টার দিকে সাভারের আমিনবাজার-সংলগ্ন সালেহপুর ব্রিজের কাছে অবরোধ-সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের একে খান ও চাঁদগাঁও এলাকায় অবরোধ-সমর্থকদের সঙ্গে পৃথক সংঘর্ষের ঘটনায় আনিসুর রহমান ও অঞ্জন নামের পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। অবরোধকারীদের ছোড়া গুলিতে তাঁরা গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি।
এদিকে পলিব্যাগে করে ৪০০টি গুলি নিয়ে যাওয়ার সময় টহল পুলিশ নগরের জিইসি মোড় থেকে আনোয়ার হোসেন ও আবুল হোসেন নামের দুজনকে আটক করে।
রাজশাহী: অবরোধ শুরুর আগেই নগরের দেওয়ানপাড়া এলাকায় ধানবোঝাই চারটি ট্রাক ও ওষুধবাহী একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওষুধবাহী গাড়ির চালক আহত হয়েছেন।
ধানবাহী ট্রাকগুলোর চালকেরা চালক জানান, নওগাঁ থেকে ধান বোঝাই করে কুষ্টিয়ার পোড়াদহ যাচ্ছিলেন তাঁরা। চারটি ট্রাকে এক হাজার ২০ বস্তা ধান ছিল। প্রতিটি বস্তায় দুই মণ করে ধান ছিল।
চালকেরা জানান, দিবাগত রাত একটার দিকে দেওয়ানপাড়া এলাকায় রাস্তার ওপর কাঠের গুঁড়ি দেখে গাড়ি থামালে মাফলারে মুখ বাঁধা একদল মানুষ ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একজন চালক প্রায় এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গিয়ে খবর দিলে তাঁরা গিয়ে আগুন নেভান বলে ওই স্টেশনের কর্মকর্তা এনায়েতুল হক জানান।
ঝিনাইদহ: কোটচাঁদপুর উপজেলায় শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সকাল সাড়ে ১০টার দিকে ইসরাইল হোসেন (২৪) নামের একজন নিহত হন। উপজেলার হরিণদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল শিবিরের কর্মী বলে জানিয়েছেন কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন।
ফেনী: দাগন ভূঞায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে অবরোধ-সমর্থকেরা যাত্রীবাহী একটি বাস থামিয়ে প্রথমে লুটপাট চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি পিকআপে অগ্নিসংযোগ এবং সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
নোয়াখালী: অবরোধকারীরা শহরের মাইজদি বাজার, শহীদ ভুলু স্টেডিয়াম, পৌর বাজার, রশিদ কলোনি, দত্তেরহাট, সোনাপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২০টি রাবারের গুলি ছোড়ে। সংঘর্ষে পাঁচজন আহত হন। এ ছাড়া পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে।
জেলার সোনাইমুড়ী এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় সংবাদপত্রের গাড়ি লক্ষ্মীপুর পৌঁছাতে পারেনি।
চাঁদপুর: আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের মঠখোলা এলাকায় অবরোধকারীদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গুরুতর আহত হন। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শহরের মিশন রোড ও আক্কাস আলী হাইস্কুল এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।
সিরাজগঞ্জ: পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় অবরোধকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সরিষাবাড়ী (জামালপুর): অবরোধ চলাকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর ফেরিঘাট এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
টঙ্গী (গাজীপুর): কলেজগেট এলাকায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালানো ও গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় কমপক্ষে সাতজন শিবির কর্মী আহত হন।
মাগুরা: শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে বেলা দেড়টার দিকে অবরোধকারীরা মালবাহী একটি ট্রাকে আগুন দেয়। এদিকে শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে আজ রাত সাড়ে ১০টার দিকেও অবরোধকারীরা একটি মালবাহী ট্রাকে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোর: সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় ২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ঝিকরগাছা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় অবরোধকারীরা। গাছ সরিয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ ২০টি রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০ জন আহত হয়।
বরগুনা: বরগুনা জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স গুরুতর অসুস্থ দুই শিশুকে নিয়ে বরিশাল যাওয়ার সময় বরগুনা-বাকেরগঞ্জ সড়কের চৈতা এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় অবরোধ সমর্থনকারীরা।