ঝিনাইদহে সওজ কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের
ঝিনাইদহের বিভিন্ন সড়কের দুরবস্থার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার স্থানীয় কেসি কলেজের শিক্ষার্থীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় ঘেরাও করেন। শিক্ষার্থীরা এ সময় সংশ্লিষ্ট অফিসের সামনে ওই দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও নির্বাহী প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ করে দেন। নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান এ সময় কক্ষের ভেতরে অবস্থান করছিলেন। পরে শিক্ষার্থীরা চলে গেলে তালা ভেঙে তাঁকে মুক্ত করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঝিনাইদহের বিভিন্ন সড়ক-মহাসড়কের বর্তমান অবস্থা খুবই খারাপ। এ সড়ক দিয়ে চলাচল করা দায়। সাধারণ মানুষ ভাঙাচোরা সড়কে চলাচল করতে কষ্ট পাচ্ছে। সড়কগুলো সংস্কার না করায় অহরহ দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদ ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে গতকাল সকালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তাঁরা। দুপুর ১২টার দিকে কলেজ চত্বর থেকে মিছিল নিয়ে সড়ক ভবনে যান তাঁরা।
সওজের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান বলেন, ছাত্ররা কী কারণে এখানে এসেছিলেন, তা তিনি বলতে পারেন না। কারণ তাঁরা কেউ তাঁর সঙ্গে কথা বলেননি। এমনকি তাঁরা কোনো লিখিত অভিযোগও দেননি।