ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৩৬) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অন্য এক ব্যক্তি আহত হন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতী গ্রামের দাউদ মোড়লের ছেলে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, আবুল কালাম বিকেলে যশোর থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ঝিনাইদহের বাজার গোপালপুরে যাচ্ছিলেন। পিকআপটি বাজার গোপালপুরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি পিকআপ ভ্যানের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।