ঝিনাইদহে সবজিবোঝাই ট্রাক খাদে, নিহত ৫
ঝিনাইদহের কাটাখালী এলাকার কালীগঞ্জ-জীবননগর সড়কে সবজিবোঝাই একটি ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
আজ বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনকে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকা থেকে সবজিবোঝাই একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে ঝিনাইদহের কাটাখালী পৌঁছালে ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি সেতুর ওপর থেকে নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা পাঁচ সবজি ব্যবসায়ী নিহত হন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পলাতক।