ঝিনাইদহে সবজির বাজারে ধস
কৃষক শরিফুল ইসলাম দুই মণ কাঁচা মরিচ বিক্রি করতে এনেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের পাইকারি বাজারে। দু-তিনজন ক্রেতা মরিচের দাম প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা বলছেন। উপজেলার হরিন্দিয়া গ্রামের কৃষক আবদুল হান্নান এই বাজারে নিয়ে এসেছেন শিম। তাঁর কষ্টে ফলানো এই ফসলেরও আশানুরূপ দাম নেই। এক কেজি মাত্র দুই টাকা দাম বলেছেন ব্যাপারীরা।
কৃষক রবিউল ইসলাম নিয়ে এসেছেন বেগুন। ক্রেতারা প্রতি কেজি বেগুনের দাম বলছেন মাত্র চার-পাঁচ টাকা। তাঁরা সবাই অপেক্ষা করে শেষ পর্যন্ত ওই কম দামেই সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন।
গতকাল সোমবার ওই বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে। হরতাল-অবরোধের কারণে সবজির বাজারে ধস নেমেছে। এতে ঝিনাইদহের কৃষকেরা সবজি উৎপাদন করে লোকসান গুনছেন। কৃষকেরা জানান, অবরোধের কারণে কেউ না কেনায় বাজারে সবজির দাম অনেক কমেছে। অবরোধের আগে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ, ১৫ থেকে ২০ টাকা কেজি দরে শিম, ২০ থেকে ২২ টাকা কেজি দরে বেগুন পাইকারি বিক্রি হয়েছে।
কৃষকেরা জানান, দাম কম হওয়ায় অনেকে সবজি খেত থেকে তুলছেন না। আবার অনেকে বাঁধাকপি ও মুলা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক জয়নাল আবেদীন জানান, অবরোধের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে সবজিচাষিরা তাঁদের উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। বাজারে নিয়ে যেতে না পারায় অনেকের খেতেই সবজি নষ্ট হচ্ছে।