ঝিনাইদহে সমাবেশে বক্তারা
ঝিনাইদহের পোড়াহাটি হবে জঙ্গিবাদমুক্ত। এই এলাকায় আর কোনো জঙ্গির আস্তানা থাকতে দেওয়া হবে না। জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বিদ্যালয় মাঠে জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
জেলা কমিউনিটি পুলিশ এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজি মো. দিদার আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন র্যা ব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পোড়াহাটি ইউনিয়নসহ আশপাশের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
সম্প্রতি পোড়াহাটি ইউনিয়নে তিনটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মহেশপুরে এক বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে দুই ব্যক্তি নিহত হন, যাঁরা এই ইউনিয়নের বাসিন্দা। এই পরিস্থিতিতে পোড়াহাটিতে জঙ্গিবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
বিকেল চারটার দিকে সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ডিআইজি মো. দিদার আহম্মেদ বলেন, পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মাদক ও সন্ত্রাসবিরোধী কাজে সবার সহযোগিতা চেয়ে বলেন, সন্ত্রাস, নাশকতা ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। সুন্দর একটি সমাজ গড়তে পুলিশ-জনতাকে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
র্যা ব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। এরা ইসলামের ক্ষতি করতে চায়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কোনো অবস্থাতেই ঝিনাইদহে জঙ্গির আস্তানা গড়তে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান, ঝিনাইদহ র্যা ব ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম, স্থানীয় পোড়াহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।