ঝিনাইদহে সাবেক আ.লীগ নেতা অপহরণের শিকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেনকে (৬০) গতকাল বুধবার কে বা কারা তুলে নিয়ে গেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি খামারমুন্দিয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
৮ নভেম্বর উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান খাঁনকে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ইসরাইল হোসেনের ভাই আবুল হোসেন মাস্টার জানান, সন্ধ্যা ছয়টার পর থেকে তাঁদের বাড়ি যাওয়ার পথে গাজেম আলী দাখিল মাদ্রাসার সামনে দুটি মোটরসাইকেলে আসা সাদাপোশাকের কয়েকজন পুলিশ অপেক্ষা করছিলেন। তাঁরা ভেবেছিলেন, কোনো অভিযানে আছেন তাঁরা। তাঁর ভাই ইসরাইল হোসেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওই স্থানে আসামাত্রই অপেক্ষায় থাকা ব্যক্তিরা তাঁকে ব্যক্তিগত মোটরসাইকেল থেকে নামিয়ে তাঁদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান তাঁরা পাচ্ছেন না। তিনি বলেন, পুলিশের লোকজনই তাঁর ভাইকে তুলে নিয়ে গেছেন।
আবুল হোসেন আরও জানান, ইসরাইল হোসেন ২৫ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ আবদুল মান্নান এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরাইল হোসেন প্রবীণ নেতা। তাঁকে যারা তুলে নিয়ে গেছে, আশা করব, তারা স্ব-অবস্থায় ফেরত দেবে।’
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, তিনিও লোকমুখে ঘটনাটি শুনেছেন। তবে তাঁর পরিবারের কেউ অভিযোগ নিয়ে আসেনি। প্রশাসনের কেউ নিয়েছেন, এমনটিও তাঁর জানা নেই।