ঝিনাইদহে সেবায়েত হত্যার নিন্দা, প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন।
এই ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর পর ঝিনাইদহে আবার একই ধরনের হত্যাকাণ্ডে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে গেছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করা হলে তা হবে চরম দায়িত্বহীনতা। এসব হত্যাকাণ্ডের প্রকৃত কারণ রাজনৈতিক। একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ষড়যন্ত্রেরই অংশ।
এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত ঘাতকদের গ্রেপ্তারের বদলে এসব ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপরাজনৈতিক কৌশলের কারণেই খুনিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, হত্যা, হত্যাচেষ্টাসহ প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো স্থানে হিন্দুদের জমি ও বাড়িঘর দখল, ভয়ভীতি প্রদর্শন, দেশ ত্যাগে বাধ্য করার মতো ঘটনা ঘটছে। কিন্তু বরাবরের মতো সরকার অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।
কর্মসূচি থেকে আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।
শ্যামানন্দ দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন।