ঝিনাইদহে স্কুলছাত্রী ভোলায় নারী খুন
অপহরণের তিন দিন পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুরে একটি সেতুর নিচ থেকে লক্ষ্মী রানী (৪) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কাশিনাথপুর গ্রামের নেপাল অধিকারীর মেয়ে। ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লক্ষ্মী রানীর পরিবার অভিযোগ করেছে, শৈলকুপার শেখপাড়ায় নানার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়েছিল। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
লক্ষ্মী রানীর বাবা জানান, তাঁদের বাড়ি শৈলকুপার কাশিনাথপুর গ্রামে। গত বৃহস্পতিবার তাঁর মেয়ে উপজেলার শেখপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। গত শুক্রবার দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল রোববার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর গ্রামের একটি কালভার্টের পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। মৃতদেহের মুখে স্কচটেপ লাগানো ছিল। তারা ধারণা করছেন, শিশুটিকে নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে কমলা (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, বাঘারহাওলা গ্রামের পাশে হাওলাদার বাড়িতে একটি ঘরে কমলা বসবাস করতেন। তাঁর চার ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। অনেক আগেই তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। গলা কাটার পাশাপাশি তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।