ঝিনাইদহে স্পিরিট পান করে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত স্পিরিট পানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাঁরা হচ্ছেন উপজেলার অনুপমপুর গ্রামের মিনার উদ্দিন (৪০) ও আজিজুল ইসলাম (৪৫)। তাঁরা শহরের একটি হোমিও দোকান থেকে কিনে স্পিরিট পান করেছিলেন। দুই ভাই মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত বলে প্রতিবেশীরা জানিয়েছেন।প্রতিবেশীরা জানান, গত শুক্রবার রাতে মিনার উদ্দিন বিক্রির জন্য শহরের একটি হোমিও দোকান থেকে বেশ কিছু স্পিরিট কিনে আনেন। রাতে তিনি নিজে সেই স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়েন। পরদিন বিকেলে তাঁর অবস্থা খুবই খারাপ হলে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। বিকেলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।এদিকে তাঁর ভাই আজিজুল ইসলামও ওই স্পিরিট পান করেন। শনিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা খারাপ হলে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।এলাকাবাসী জানান, মিনার উদ্দিন শহরের বালিদাপাড়ায় বসবাস করেন। আজিজুল ইসলাম থাকতেন গ্রামের বাড়িতে। ব্যবসা ও নেশা করার কাজে মিনার উদ্দিনের বাড়িতে তাঁর যাতায়াত ছিল। কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌফিক জানান, তাঁদের এখানে আজিজুল ইসলাম ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা খারাপ হওয়ায় যশোরে পাঠানো হয়েছিল। আজিজুল ইসলামকে মাদকের বিষক্রিয়ার চিকিৎসা দেওয়া হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুই ভাই অতিরিক্ত স্পিরিট পানে মারা গেছেন। এ ব্যাপারে কেউ কোনো মামলা দেয়নি।