ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম ফজলে রশিদ। বয়স আনুমানিক ১৬ বছর। অন্যদিকে মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়ে নিমাই চন্দ্র নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার জেলার দুই উপজেলায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
নিহত রশিদ কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ ওরফে নান্নুর ছেলে। সে স্থানীয় শহীদ নুর আলী কলেজের ছাত্র ছিল। আর নিহত নিমাইয়ের বাড়ি সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রশিদ ও তার বন্ধু রকি দুজন মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথে মিশনপাড়া এলাকায় কোলা-কালীগঞ্জ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান একজন। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। আহত রকিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে নিমাই চন্দ্র বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।