ঝিনাইদহে সড়কের সংস্কার করা স্থানগুলোতে বড় বড় গর্ত

প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা মাত্র পৌনে ৫ কিলোমিটার মহাসড়ক ১৫ দিনেই ভেঙেচুরে শেষ হয়ে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ওই সংস্কার করা স্থানগুলো। ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের খয়েরতলা এলাকায় সড়কের কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের স্থানীয় নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান জানান, কাজের মান খারাপ ছিল না, কিন্তু সড়কের ওই স্থানে নিচে একটি শক্ত বেইজ রয়েছে, যে কারণে ওপরে দেওয়া পাথর সরে যাচ্ছে। আর তখনই গর্তের তৈরি হচ্ছে। আপাতত চলাচল স্বাভাবিক রাখতে তৈরি হওয়া গর্তগুলো ভরাটের কাজ শুরু করা হয়েছে। এরপর কী কারণে এমনটি হলো, তা খুঁজে বের করা হবে। তিনি বলেন, ঠিকাদারের কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। কাজের টাকাও তাঁর পাওনা রয়েছে। ফলে সড়কটি সংস্কারে কোনো সমস্যা হবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রিয়োডিক মেইনটেন্যান্স প্রজেক্টের (পিএমপি মেজর) আওতায় ঝিনাইদহ সওজ বিভাগ এই সংস্কারকাজ বাস্তবায়ন করছে। ঝিনাইদহ-যশোর সড়কের ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত ৪টি স্থানে ৪ দশমিক ৮০ কিলোমিটার কাজ করার কার্যাদেশ পান ঠিকাদার মিজানুর রহমান ওরফে মাসুম। এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৯২৩ টাকা। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, দরপত্র অনুযায়ী মহাসড়কের ওই স্থানগুলোর পুরোনো সড়ক খুঁড়ে ফেলতে হবে। সেখানে নতুন করে বেইজ তৈরি করতে হবে। এরপর পাথর-বালু দিয়ে রোলার করতে হবে। তারপর পেভার মেশিন দিয়ে কার্পেটিং করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, পাথর-বালুর ম্যাকাডাম হবে ৮ ইঞ্চি আর কার্পেটিং হবে ৫০ মিলিমিটার।
সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত চারটি স্থানে পুরোনো সড়ক ভেঙে নতুন করে করা হয়েছে। ঝিনাইদহ পৌর এলাকার আলহেরাপাড়া থেকে তেঁতুলতলা, বিষয়খালী বাজারের উত্তরে, কালীগঞ্জের খয়েরতলা ও কলাহাটা এলাকায় কাজ করা হয়েছে।
২৪ এপ্রিল থেকে কাজ শুরু হয়ে ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এপ্রিল মাস থেকে সড়কটি ভেঙেচুরে ফেলে রাখার পর গত ঈদের আগে ঠিকাদার কার্পেটিং শেষ করেন। ঈদের দু-তিন দিন আগে তাঁরা কাজ শেষ করে বাড়তি মালামাল, মেশিন ও সব যন্ত্রপাতি নিয়ে কাজের স্থান ত্যাগ করেন। এরই মধ্যে সেই সড়কে গর্ত তৈরি হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার মিজানুর রহমান জানান, কর্মকর্তাদের কথায় ঈদের আগে তড়িঘড়ি করে কাজটি করা হয়েছে, যে কারণে কিছুটা সমস্যা হয়েছে। তা ছাড়া মহাসড়কের ওই স্থানের নিচেই শক্ত বেইজ রয়েছে, এ জন্যও এই সমস্যা হচ্ছে। তিনি বলেন, তাঁর কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। তাঁর নিজের আর্থিক ক্ষতি হবে, তারপরও তিনি সব ঠিক করে দেবেন।