ঝিনাইদহে ১০ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ তিনটি সেতু

ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ অংশে তিনটি সেতুরই একপাশের রেলিং ভাঙা। ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর ওপর মাঝেমধ্যে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
সাধারণ মানুষ এই ঝুঁকি মোকাবিলায় সেতুতে বাঁশ বেঁধে দিয়েছেন। কিন্তু সেতু কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে কোনো পদক্ষেপই নেয়নি বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ শহরের আরাবপুর থেকে শৈলকুপার গাড়াগঞ্জ পর্যন্ত ছোট-বড় আটটি সেতু রয়েছে, যার মধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ। এ তিনটির মধ্যে আরাবপুর ক্যাডেট কলেজে-সংলগ্ন এলাকায় একটি এবং গাড়াগঞ্জ বাজারের দুই প্রান্তে দুটি সেতুর অবস্থান। তিনটি সেতুরই একপাশের রেলিং ভেঙে পড়ে আছে। রেলিংয়ের পাশে ফুটপাত না থাকায় কারণে গাড়িগুলো ভাঙা রেলিং ঘেঁষেই চলাচল করে।
আরাবপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দুই বছর আগে একটি ট্রাকের ধাক্কায় ভেঙে যায় সেতুটির পশ্চিম পাশের রেলিং। এর পাঁচ থেকে ছয় মাস পর একদিন ইঞ্জিনচালিত একটি ভ্যান খালে পড়ে যায়। এতে দুজন আহত হন। এই অবস্থায় এলাকার লোকজন সেতুর ওই ভাঙা স্থানে বাঁশ বেঁধে দেন। কিছুদিন পরে সেই বাঁশও নষ্ট হয়ে যায়। কয়েক দিন আগে তাঁরা আবার বাঁশ বেঁধে দিয়েছেন।
গাড়াগঞ্জ বাজারের দক্ষিণ প্রান্তের সেতুটির একপাশের রেলিং ভেঙে কিছু অংশ পড়ে গেছে, আর কিছু অংশ কাত হয়ে আছে। ওই এলাকার বাসিন্দা উজ্জ্বল কুমার বলেন, রেলিং ভাঙা থাকায় সেতু দিয়ে পাশাপাশি দুটি গাড়ি চলতে পারে না। রেলিং ভাঙার কারণে মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও গাড়িচালকেরা। আর গাড়াগঞ্জ বাজারের উত্তরে মহেশপুর এলাকায় যে সেতুটি রয়েছে সেটিরও একপাশের রেলিং প্রায় তিন বছর ধরে ভেঙে পড়ে আছে। ওই এলাকার বাসিন্দা মকলেচুর রহমান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, দ্রুত এগুলো মেরামত করা হবে। ইতিমধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন শিগগির কাজ শুরু করতে পারবেন।