ঝিনাইদহে ২০টি অস্ত্র উদ্ধার, আটক ২
ঝিনাইদহে এয়ারগানসদৃশ ভারতীয় ২০টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের পুলিশ লাইনের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সাইদুল ইসলাম ও আবদুর রাজ্জাক ওরফে জয়নুল নামের দুজনকে আটক করেছে। তাঁদের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। অবৈধ পথে ভারত থেকে এসব অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ট্রাকযোগে বিপুল পরিমাণ অস্ত্র পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল শহরের হামদহ পুলিশ লাইনের সামনে ওত পেতে থাকে। রাত সাড়ে ১১টায় পুলিশ একটি ট্রাক থামানোর চেষ্টা করে। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে খবরের কাগজ দিয়ে মোড়ানো ২০টি এয়ারগানসদৃশ অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।