ঝিনাইদহে ৩০ বাড়িতে হামলা ও লুটপাট
তখনো অনেকে ঘুম থেকেই ওঠেননি। যাঁরা উঠেছেন, তাঁদেরও চোখে ঘুমের রেশ। এর মধ্যে হঠাৎ শতাধিক লোক ছুরি, রামদা, লাঠি নিয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। প্রাণ বাঁচাতে পুরুষেরা পালিয়ে যান। আর নারীরা হামলাকারীদের হাত-পায়ে ধরে, কান্নাকাটি করে বাঁচানোর চেষ্টা করেন ঘরের মালামাল।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের শরিফুল ইসলাম মেম্বরের সমর্থকদের বাড়িঘরে এ হামলা চালান আবদুল মালেক মোল্লার লোকজন। হামলাকারী দলের নেতা আবদুল মালেক ও ক্ষতিগ্রস্তদের নেতা শরিফুল ইসলাম দুজনই আওয়ামী লীগের নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা বলেন, ভোর ছয়টার দিকে আবদুল মালেক পক্ষের শতাধিক লোক ঢাল, রামদা, টেঁটা, লাঠিসোঁটা নিয়ে শরিফুল ইসলামের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। এ সময় শমসের আলী, এলাহী বক্স, আবদুর রাজ্জাকসহ ৩০টি পরিবারের প্রায় ১০০ ঘর ভাঙচুর করে। শরিফুল ইসলাম পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলে হামলাকারীরা লুটপাট চালায়।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল মালেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনারের সমর্থক। আর শরিফুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মান্নানের সমর্থক।
আবদুল মালেক বলেন, ‘সাবেক সাংসদ আবদুল মান্নান যখন ক্ষমতায় ছিলেন, তখন তাঁর প্রতিপক্ষের লোক হওয়ায় আমরাও ৪০টি পরিবার পাঁচ বছর বাড়িঘরছাড়া ছিলাম। তাঁর আমলে আমাদের দেড় শ ঘরবাড়ি ভাঙচুর করা হয়। হালের বলদ থেকে শুরু করে পানের বরজ পর্যন্ত লুটপাট, ভাঙচুর করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আমাদের নেতা ক্ষমতায় এলে আমরা গ্রামে ফিরি। অতীতের কথা ভুলতে না পেরে হয়তো আমাদের ক্ষুব্ধ কর্মীরা এই হামলা চালিয়েছে।’ তবে সামান্য ভাঙচুর হলেও কোনো লুটপাট হয়নি বলে দাবি করেন আবদুল মালেক।
শরিফুল ইসলাম বলেন, যে বাড়িগুলোতে হামলা হয়েছে সেখানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে সবই লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এখন খোলা আকাশের নিচে বসে আছে বাড়িগুলোর নারী-শিশুরা। হামলায় তিনজন আহত হয়েছে। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে কোনো পক্ষ এখনো মামলা করেনি।