ঝিনাইদহে ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন l ছবি: প্রথম আলো
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন l ছবি: প্রথম আলো

ঝিনাইদহের ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫টিতে ক্লাস চলে খোলা আকাশের নিচে। বাকিগুলোতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ঝিনাইদহের ছয়টি উপজেলায় ৮৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হলো কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর ঘোষনগর, কাশিপুর, মথনপুর, চাপালী ও নিয়ামতপুর; কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া, চতুরপুর ও সিঙ্গিয়া; সদর উপজেলার পুটিয়া, লৌহজঙ্গা, ডাকাতিয়া, পোড়াবেতাই ও শহীদ মোশারফ; শৈলকুপা উপজেলার শাহী মসজিদ, জিকেএইচ, গোলকনগর, মান্দারিপাড়া, রুপদাব্যাসপুর, রতনপুর, দক্ষিণ মনোহরপুর, পূর্ব-বসন্তপুর, শাহাবাড়িয়া, বন্দেখালী, কবিরপুর, বাহাদুরপুর ও গোবিন্দপুর; হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর, সনাতনপুর, মান্দিরা, তোলা, ভবানীপুর, সাবেক নিত্যানন্দপুর, ২০ নম্বর দৌলতপুর, পারদখলপুর, রঘুনাথপুর, লালনশাহ, নারায়ণকান্দি, তেলটুপিবাজার, বাগআঁচড়া, জোড়াদাহ, ধুলিয়া, নারায়ণকান্দি অনির্বাণ ও খলিসাকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের একটি তালিকা ঢাকায় শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
এসব বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, এত দিন ধরে ভবন ঝুঁকিপূর্ণ থাকলেও নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষের তেমন উদ্যোগ নেই। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অচিরেই নতুন ভবন হবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তা আর হয় না। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
গত মঙ্গলবার শৈলকুপার বন্দেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে একটি ভবন রয়েছে। তা সম্পূর্ণ পরিত্যক্ত। ভবনের ছাদ ধসে পড়ছে। দরজা-জানাল সব ভেস্তে গেছে। মেঝেতে পোকামাকড় বাসা তৈরি করেছে।
প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, নিজেরা অর্থ দিয়ে এবং উপজেলা পরিষদ থেকে পাওয়া কিছু অনুদান দিয়ে তাঁরা টিনশেডের দুটি কক্ষ তৈরি করে নিয়েছেন। বাকি ক্লাসগুলো নেন গাছতলায়। এভাবে পাঁচ-ছয় বছর ধরে চলছে। এখানে বর্তমানে ১৪২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে।
মিলন হোসেন নামের এক শিক্ষার্থী জানায়, তারা খুব কষ্ট করে পড়ালেখা করছে।
কালীগঞ্জের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি মজুমদার বলেন, এখানে ১৩৯ জন শিক্ষার্থী রয়েছে। ১৯৯৬ সালে নির্মিত একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সরেজমিনে দেখে ভবনটিতে ক্লাস না করার পরামর্শ দিয়েছে। ভবনের ছাদ ধরে রাখতে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে।
সম্প্রতি সদর উপজেলার ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিজেদের তৈরি টিনশেডের নিচে ক্লাস চলছে। খোলা আকাশের নিচে নেওয়া হচ্ছে একটি ক্লাস।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমতাজ খাতুন বলেন, ২০১৩ সালের মে পর্যন্ত তাঁরা ওই ভবনেই ক্লাস করতেন। এরপর তাঁদের ভবনটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।
কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১৯৯৪-৯৫ অর্থবছরে ভবন নির্মাণ করা হয়। কিন্তু অল্প সময়েই সেটি নষ্ট হয়ে যায়। বর্তমানে ১৬৭ জন শিক্ষার্থীকে তাঁরা টিনের চালা ও খোলা জায়গায় পড়ালেখা করাচ্ছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, একসঙ্গে অনেক বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তাঁদের কাছে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনের তালিকা চাওয়া হয়েছে। তাঁরা এ তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। আশা করা হচ্ছে, দ্রুত নতুন ভবন হবে। যে প্রতিষ্ঠানগুলো খোলা স্থানে ক্লাস নিতে বাধ্য হচ্ছে, তাদের জন্য তাৎক্ষণিক কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখা হবে।