ঝিনাইদহে 'জয় বাংলা' স্লোগান দিয়ে বই মেলায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে দিতে একুশের বই মেলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে পণ্ড হয়ে গিয়েছে মেলার অনুষ্ঠান।

আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে একুশের বই মেলায় এ হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। ভেঙে ফেলা হয়েছে অনুষ্ঠানে ব্যবহূত মাইকের যন্ত্রপাতি আর দর্শক সারির চেয়ার-টেবিল।

মেলার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলাকারীরা সরকারি দলের লোকজন। উপজেলা নির্বাচনে জেলা প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে হামলা চালায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক সাংস্কৃতিক কর্মী জানান, আজ থেকে শুরু হয়েছে একুশের বই মেলা। আটদিন ব্যাপী চলবে এই মেলা। জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। বিকালে আলোচনা সভা শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক। তিনি জানান, মঞ্চে তখন শিশুরা দেশের গান পরিবেশন করছিল। এমন সময় মঞ্চের পশ্চিম দিক থেকে শতাধিক ব্যক্তি জয় বাংলা ও সরকারি দলের নানা স্লোগান দিয়ে মঞ্চের কাছে চলে আসে। তারা কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর শুরু করে। মঞ্চের শিশুদের লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। মঞ্চের সামনে দর্শক সারিতে থাকা প্রশাসনের কর্তাদের স্ত্রী-মেয়ে-ছেলে ও পরিবারের সদস্যরা ছুটে পালিয়ে যায়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের অভিভাবক ও দর্শকেরাও ছুটোছুটি করে যে যার মতো পালাতে শুরু করে। শিশুরা চিত্কার দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। অনেক অভিভাবক তাদের সন্তানদের কোলে তুলে পাশের ভবনের মধ্যে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যে এই ভাঙচুর করে হামলাকারীরা চলে যায়। অনুষ্ঠানস্থলে থাকা পুলিশের পক্ষ থেকে সে সময় কোন প্রতিরোধের চেষ্টা করা হয়নি বলে জানিয়েছেন মঞ্চে থাকা শিল্পীরা।

এদিকে ঘটনার পর গোটা মেলার মাঠ ফাঁকা হয়ে যায়। মুহূর্তের মধ্যে দোকানিরা দোকান বন্ধ করে দেন। সংগীত পরিবেশন করতে আসা শিল্পীরা কিছুক্ষণ পাশের ভবনে অবস্থানের পর যার যার মতো চলে যান। পরে ঘটনাস্থলে যায় পুলিশের বেশ কয়েকটি দল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় জড়িতদের কাউকে আটক করেনি প্রশাসন।

প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯ তারিখে উপজেলা নির্বাচনে সরকারদলীয় প্রার্থী ঝিনাইদহ সদর উপজেলায় পরাজিত হয়েছেন। প্রশাসনের কোন পক্ষপাতিত্ব না থাকলেও সরকার দলের লোকজন এই পরাজয়ের জন্য প্রশাসনকে দায়ী করছেন। তারা ইতিমধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। পাশাপাশি বৃহস্পতিবার রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারার উদ্দেশ্যে বেশ কিছু সময় একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সরকারি দলের  জ্যেষ্ঠ নেতারা বিষয়টির সমাধান করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার আকরাম হোসেন জানান, শত শত মানুষের সামনে ঘটনা ঘটেছে। ফলে কারা ঘটনা ঘটিয়েছে তা সকলের জানা। তিনি পুলিশের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান এ বিষয়ে বলেন, এ জাতীয় হামলার ঘটনা তাঁর জানা নেই । তবে জয় বাংলা স্লোগান দিতে দিতে এসে বই মেলায় হামলা করতে পারে এটা ভাবাই যায় না। তিনি আরও বলেন, যারা এই ঘটনা ঘটাতে পারে তারা আওয়ামী লীগের কর্মী হতে পারে না।

ঝিনাইদহ  জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসকের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়। এ সময় তারা জেলা প্রশাসক শফিকুল ইসলামের অপসারণ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।