ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে গতকাল শনিবার ভোরে পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশের দাবি, বেলাল চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার। তাঁর বাড়ি সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে।হরিণাকুণ্ডু থানার পুলিশের ভাষ্যমতে, গতকাল ভোর চারটার দিকে ভায়না গ্রামে র‌্যাব ও পুলিশের দুটি দল টহল দিচ্ছিল। এ সময় তারা গ্রামের এক মাঠে একটি বোমা বিস্ফোরণের শব্দ পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে গেলে চরমপন্থী সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব ও পুলিশ পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। আধঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে। পরে মাঠে তল্লাশি চালালে বিল্লালকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, একটি তাজা বোমা, ছয়টি গুলি, দুটি গুলির খোসা, চারটি ফেনসিডিলের খালি বোতল ও পাঁচ হাজার ৩৪১ টাকা উদ্ধার করেছে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বেলাল চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা, দুটি বোমা হামলাসহ একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে বেলালের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।