ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' জামায়াত নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ রোববার যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উপজেলা জামায়াতের নেতা এনামুল হক (৪৫) নিহত হয়েছেন। ভোরের দিকে কোটচাঁদপুর উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামের ভাষ্য, নিহত এনামুল কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর দাবি, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুয়াবিয়া হোসেনের পক্ষে গতকাল শনিবার বিকেলে মনোনয়নপত্র জমা দিতে এনামুল কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। বিকেল চারটার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে পুলিশের সাদা পোশাকধারী একটি দল তাঁকে আটক করে নিয়ে যায়। আটকের পর তাঁকে রাতে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত এনামুল হক কোটচাঁদপুর উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনা সম্পর্কে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খানের ভাষ্য, নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল গভীর রাতে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে ১০টি গুলি ও তিনটি বোমা ছোড়ে সন্ত্রাসীরা। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন ও মিজানুর রহমান এবং কনস্টেবল জয়দেব বিশ্বাস আহত হন। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা ৩০টি গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে এনামুল হক নামের একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুটি তাজা বোমা উদ্ধার করেছে বলে তিনি জানান।