ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ঝিনাইদহে গত শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত আবদুর রশিদের পরিবারের অভিযোগ, আগের দিন রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সাদাপোশাকের পুলিশ।
আবদুর রশিদ শৈলকুপা উপজেলার দুধস্বর গ্রামের বাসিন্দা মৃত এলাহী বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের দাবি, রাত তিনটার দিকে দুধস্বর আশ্রয়ণ প্রকল্পের সামনের সড়কে একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছে—এমন খবরের ভিত্তিতে শৈলকুপা থানা-পুলিশের একটি টহল দল সেখানে যায়। এ সময় ডাকাতেরা বোমা ফাটায় ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবদুর রশিদের লাশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে শৈলকুপা থানায় আটটি ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।
তবে আবদুর রশিদের বোন পারুলা খাতুনের দাবি, তাঁর ভাইকে বাড়ি থেকে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাদাপোশাকের একদল পুলিশ তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে তাঁর লাশ পেয়েছেন তাঁরা।