ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে জেলার হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, পাঁচটি গুলি ও ছয়টি বোমা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

কোটচাঁদপুর উপজেলার দোড়া গ্রামের মাঠে নিহত হওয়া ব্যক্তির নাম আবদুর রশিদ বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ছয়খাদা-শ্রীরামপুর গ্রামে। হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী আমতলা গ্রামের মাঠে নিহত হওয়া ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত ব্যক্তিরা নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের আঞ্চলিক ক্যাডার বলে দাবি করেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেনের ভাষ্য, চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে আজ ভোর চারটার দিকে হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পৃথক স্থানে দুই চরমপন্থী ক্যাডার নিহত হয়েছেন। পুলিশ সকালে তাঁদের লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসীর ভাষ্য, কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে গত বৃহস্পতিবার ভোমরাডাঙ্গা গ্রামের হজরত আলী ও ছয়খাদা-শ্রীরামপুর গ্রামের আবদুর রশিদ নামের দুই ব্যক্তিকে ধরে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যে আবদুর রশিদ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পরিচয় না পাওয়া ব্যক্তি হজরত আলী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।