ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর ও হরিনাকুন্ডু উপজেলায় গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন আবদুর রশিদ (৩৪) ও হযরত আলী (৩৬)। পেশায় দুজনই কৃষক।
নিহত দুই ব্যক্তির পরিবার ও এলাকাবাসী বলেছেন, পুলিশ তাঁদের ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। তাঁদের নামে কোনো মামলা নেই। তবে পুলিশের দাবি, তাঁরা চরমপন্থী দলের সদস্য। একটি হত্যা মামলায় তাঁরা সন্দেহের তালিকায় ছিলেন।
কোটচাঁদপুরের শ্রীরামপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে আবদুর রশিদ। আর হযরত আলী একই উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মাহাতাব আলীর ছেলে। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেনের ভাষ্যমতে, শুক্রবার রাতে হরিনাকুন্ডু থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। রাত তিনটার দিকে রিশখালী আমতলা এলাকায় একদল চরমপন্থী তাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ১০-১২ মিনিট বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের (হযরত আলী) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ছাড়া একটি এলজি, দুটি গুলি ও ছয়টি হাতবোমাও পাওয়া যায়। এ ঘটনায় কনস্টেবল শরিফুল ইসলাম ও শফিক আহমেদ আহত হন।
অপরদিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল রহমানের বর্ণনা অনুযায়ী, কোটচাঁদপুরের দোড়া গ্রামের মাঠে একদল চরমপন্থী গোপন বেঠক করছে, এমন খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ একজনকে (আবদুর রশিদ) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার হয়েছে। এ ঘটনায় এসআই নাজমুল হাসান ও কনস্টেবল ফিরোজ আহমেদ আহত হন।
তবে গতকাল সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কোটচাঁদপুরের লক্ষ্মীপুর বাজার থেকে আবদুর রশিদ ও হযরত আলীকে একসঙ্গে ধরে নিয়ে যান লক্ষ্মীপুর বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় বাজারে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
নিহত আবদুর রশিদের বাবা ইসলাম মণ্ডল বলেন, তাঁর ছেলেকে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বাজার থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পুলিশও তাঁদের কিছুই বলেনি। পরে ক্রসফায়ারের কথা জানতে পারেন। তিনি অভিযোগ করেন, তাঁর ছেলের নামে কোনো মামলা নেই। পুলিশ অন্যের কথায় তাঁর ছেলেকে নিয়ে হত্যা করেছে। এখন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কী করবেন তাঁর ছেলের বউ।
নিহত হযরত আলীর বড় ভাই আবদুর রশিদ বলেন, তাঁর ভাইকে ছাড়ানোর জন্য তাঁরা রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় দুই লাখ টাকা দাবিও করা হয়। টাকা নিয়ে গতকাল সকালে আবার থানায় যোগাযোগ করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ভোর রাতে হযরত আলীকে মেরে ফেলা হলো। অথচ তাঁর নামে কোনো মামলা নেই। তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামীকে হারিয়ে এখন তিনি কীভাবে বাঁচবেন।
তবে কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান দাবি করেন, তাঁরা কাউকে ধরেননি। যাঁরা নিহত হয়েছেন তাঁরা এলাকায় চাঁদাবাজি করছিলেন। এঁদের নামে থানায় কোনো মামলা না থাকলেও একটি হত্যা মামলায় তাঁরা সন্দেহের তালিকায় ছিলেন।