ঝিনাইদহের উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন এক চিঠিতে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ জারি করেন।
আজ সোমবার ঝিনাইদহ স্থানীয় সরকার শাখার উপপরিচালক আবু ইউসুফ রেজাউর রহমান সাংবাদিকদের জানান, নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ করেছে। তাই বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি নির্দোষ প্রমাণিত হলে স্বপদে পুনর্বহাল হবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, মামলার আসামি হওয়ার কারণে উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই উপজেলা পরিষদ ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩ খ (১) ধারা অনুসারে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আবদুল আলীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এ বিষয়ে আবদুল আলীম বলেন, ‘আমি চিঠি পেয়েছি। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাচ্ছি। আশা করি ন্যায়বিচার পাব।’