ঝিনাইদহের গ্রামে আতঙ্কে ৫০ জন অসুস্থ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামে অসুস্থ হয়ে রাহাতুন নেছা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর পর আতঙ্কে গ্রামের অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
রাহাতুন নেছার স্বামী আবদুল মান্নান বলেন, শুক্রবার রাত দুটার দিকে রাহাতুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় রাহাতুন জানান, তাঁর ডান হাতে কিছু কামড় দিয়েছে। প্রতিবেশীরাও এ সময় এগিয়ে আসেন। শনিবার দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, রাহাতুন স্ট্রোকে মারা গেছেন। তবে গ্রামের মানুষ বলছে, ‘জিন সাপের’ কামড়ে তাঁর মৃত্যু হয়েছে।
গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, এ ঘটনার পর গ্রামে ‘জিন সাপের’ আতঙ্ক দেখা দিয়েছে। গত চার দিনে গ্রামের অন্তত ৫০ জন মানুষ অসুস্থ হয়েছেন। তাঁদের মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। কেউ কেউ অচেতন হয়ে পড়ছেন। আবদুর রাজ্জাক, আসাদুল ইসলাম ও মোন্তাজুল ইসলাম নামের তিনজন কবিরাজ অসুস্থ লোকজনের ঝাড়-ফুঁক করছেন।
গতকাল মঙ্গলবার সকালে হরিণদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শরিফুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩৫) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জানান, তাঁর মাথায় যন্ত্রণা করছে। কবিরাজ আবদুর রাজ্জাক তাঁকে ঝাড়-ফুঁক করছেন। পরে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল তাঁর বাড়িতে যায়। তাঁরা রিনা খাতুনকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁকে খাবার স্যালাইন খেতে দেন। চিকিৎসক রাকিবুল হাসান বলেন, আতঙ্কের কারণে রিনা খাতুন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর শরীরে কোনো সমস্যা নেই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহাবুদ্দিন আহম্মদ বলেন, রাহাতুন নেছার মৃত্যুর পর গ্রামটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ জন্য অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যে সেখানে ১০ জনের চিকিৎসক দল পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীকে সচেতন করার কাজও চলছে।