ঝিনাইদহের চার পথে আজ থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশসহ চারটি পথে আজ সোমবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কালীগঞ্জের মোটর শ্রমিক নেতা ও জেলা শ্রমিক লীগের সদস্য মোশফিকুর রহমানের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে।শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী জানান, ২৬ মে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের সময় পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মোশফিকুরকে আসামি করা হয়েছে। তাঁরা প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন, ১০ জুনের মধ্যে মামলা প্রত্যাহার না করলে ১১ জুন থেকে ধর্মঘট।২৬ মে কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ শহরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা দেড়টায় স্থানীয় সাংসদ আবদুল মান্নানের বাড়ির সামনের সড়ক দিয়ে পুলিশের একটি ভ্যান যাওয়ার পথে ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের হামলার শিকার হয়। পরে এসআই হারাধন কুণ্ডু বাদী হয়ে মোশফিকুর রহমানসহ ২৪ জনকে আসামি করে মামলা করেন।শ্রমিক নেতা মোশফিকুর রহমান বলেন, ২৬ মে তাঁদের সংগঠনের সাহেব আলী নামের এক চালক সদস্য মারা যান। কালীগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তাঁর বাড়ি। তিনি খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ওই সদস্যের বাড়ি যান। ঘটনার সময় তিনি শহরেই ছিলেন না।