ঝিনাইদহের দুই চাষি খুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোহাদী গ্রামে গত শনিবার রাতে ফসল পাহারায় থাকা কৃষক ছবদুল হোসেনকে (২৮) চোরেরা খেতেই কুপিয়ে হত্যা করেছে। একই উপজেলা থেকে অপহরণের পর এক মাছচাষিকে খুন করা হয়েছে।সোহাদী গ্রামের বাসিন্দারা জানান, ওই গ্রামের আবদুল করিমের ছেলে ছবদুল হোসেন শনিবার রাতে মাঠে তাঁর কপিখেত পাহারা দিচ্ছিলেন। গভীর রাতে একদল চোর খেতের ফসল চুরি করতে এলে ছবদুল এগিয়ে যান। চোরেরা তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। গতকাল রোববার সকাল নয়টার দিকে খেতের আইলে তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, সংঘবদ্ধ চোরচক্র এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তাঁরা ধারণা করছেন।ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে মাছচাষি গুরুদাস বর্মণকে (৭১) অপহরণের পাঁচ দিন পর গত শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে চিত্রা নদী থেকে পুলিশ তাঁর গলিত লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ায়।চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা গেছে, গুরুদাস বর্মণ ও তাঁর ছেলে বিধান বর্মণ কোটচাঁদপুরের দুতিয়ারকুঠি গ্রামের পদ্মবিল ইজারা নিয়ে মাছের চাষ করতেন। ৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বিলের পাহারাদারদের খোঁজ নিতে গেলে সেখান থেকে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত গুরুদাসকে অপহরণ করে।গুরুদাসের পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের দিনই অপহরণকারীরা গুরুদাসের ছেলে বিধান বর্মণের মুঠোফোনে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে গুরুদাসকে খুন করা হবে বলে হুমকি দেয়।শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে গুরুদাসের পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গায় আসেন এবং তাঁর লাশ শনাক্ত করেন।