ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়। গুরুতর আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষের সময় কমপক্ষে ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।স্থানীয় গ্রামবাসী জানায়, শৈলকুপা উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতারা দীর্ঘদিন ধরে দুই অংশে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ও আরেক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জন্য এই দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ হয়। ইউনিয়নের পাঁচটি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের মধ্যে বগুড়া গ্রামের আবু মিয়া (২৫), মনিরুল ইসলাম (৩৭), আবদুল কুদ্দুস (৩৫), সৈয়দ আলী (৬০), জামাল উদ্দিন (৪৫), আবদুল মালেক (৫৫), আব্দুর রাজ্জাক (৩২), মিন্নাফ আলী (৩২), তোবারেক শেখ (৩৫) ও শাখাওয়াত হোসেনকে (৪০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। সংঘর্ষের সময় বগুড়া গ্রামের ইদ্রিস আলী, ইনসার মোল্লা, আবদুল হাই, আখির খাঁসহ ১০-১২ জনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের ব্যাপারে দুই অংশের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এদিকে শৈলকুপা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন, সংঘর্ষের জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের একটি অংশকে দায়ী করেন। সংঘর্ষ এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মূলত আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করেই নিজেদের প্রভাব ধরে রাখতে আওয়ামী লীগের স্থানীয় কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে শান্ত।