ঝিনাইদহের সুস্বাদু কাঁঠাল
আকারে বড়, মুখে দিলে রসে ভরে যায়। পুষ্টিগুণও কম নয়। ফলটি আমাদের জাতীয় ফল, নাম তার কাঁঠাল। এই কাঁঠালগাছে ছেয়ে যাচ্ছে ঝিনাইদহ। বাগান করার পাশাপাশি গ্রামাঞ্চলের কৃষকেরা বাড়ির আঙিনা, মাঠ ও খেতের ধারেও কাঁঠালগাছ লাগাতে শুরু করেছেন।
উৎপাদন বেশি হওয়ায় ঝিনাইদহের প্রায় সব বাজারেই এখন কাঁঠালের হাট গড়ে উঠেছে। তবে সবচেয়ে বেশি কাঁঠাল বিক্রি হয়ে থাকে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে। এটি ঝিনাইদহের কাঁঠালের বড় হাট। সপ্তাহে দুই দিন এই বাজার থেকে কমপক্ষে ২৫ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আবদুল কাদের বলেন, মাটিতে পটাশিয়াম বেশি থাকলে কাঁঠাল সুস্বাদু হয়, যা আমাদের এই অঞ্চলে বিরাজমান। তাই আমাদের এলাকার কাঁঠালের চাহিদাও বেশি। তা ছাড়া কাঁঠালগাছ জলাবদ্ধ এলাকায় ভালো হয় না। সে ক্ষেত্রেও আমাদের অঞ্চল ভালো। যে কারণে এখানে উৎপাদনও বেশি।
ওই কার্যালয়ের এক কর্মকর্তা জানান, দুই-তিন বছর আগেও জেলার ৭০০ হেক্টরের মতো জমিতে কাঁঠাল চাষ হতো। এ বছর তা বেড়ে এক হাজার ১০০ হেক্টর হয়েছে।
খালিশপুর গ্রামের বাড়ির আঙিনা ও মাঠে শতাধিক কাঁঠালগাছ আছে নজরুল ইসলামের। তিনি বলেন, ‘একটি বড় গাছে শতাধিক কাঁঠাল পাওয়া যায়। নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবছর দুই থেকে আড়াই লাখ টাকার কাঁঠাল বাজারে বিক্রি করি।’
খালিশপুর বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা কৃষক আবদুল মজিদ বলেন, এখন কাঁঠাল বিক্রি করতে তাদের বেশি কষ্ট করতে হয় না। গাছ থেকেই সব বিক্রি হয়ে যায়। ব্যবসায়ীরা শ্রমিক দিয়ে গাছ থেকে কাঁঠাল পেড়ে বাজারে নিয়ে যান। তবে বাজারে নিয়ে বিক্রি করতে পারলে একটু বেশি টাকা পাওয়া যায় বলে তিনি জানান।
আরেক কৃষক মিজানুর রহমান বলেন, নিজের গাছের ১৪০টি কাঁঠাল বিক্রি করতে এসেছেন। মাঝারি গোছের কাঁঠাল হওয়ায় প্রতিটি ৪০ টাকা করে বিক্রি করতে পেরেছেন। একটু বড় কাঁঠাল হলে ৬০-৭০ টাকা দাম পাওয়া যায়। কাঁঠাল বিক্রি করে ভালোই লাভ হচ্ছে তাঁদের।
বরিশাল থেকে খালিশপুর বাজারে কাঁঠাল কিনতে আসা ব্যাপারী আমিরুল ইসলাম বলেন, প্রতিবছর তাঁরা ঝিনাইদহের বাজারগুলোতে কাঁঠাল কিনতে আসেন। এই অঞ্চল থেকে কাঁঠাল কিনে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুরসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করেন। ওই সব এলাকায় ঝিনাইদহ অঞ্চলের কাঁঠালের চাহিদা খুব বেশি।