ঝিনাইদহের সেই ব্যক্তির আরেক পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাছচাষি আবদুস সবুরের আরও একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আবদুস সবুর দাবি করেছেন। এর আগেও তাঁর আরেকটি পুকুরে বিষ ঢেলে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকার মাছ নিধন করে।জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের আবদুস সবুর একজন মাছচাষি। তিনি স্থানীয় কয়েকজনের কাছ থেকে নয়টি পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করেছেন। এর মধ্যে ২ অক্টোবর পাইকপাড়া এলাকার একটি পুকুরে বিষ ঢেলে দেয় সন্ত্রাসীরা। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।আবদুস সবুর জানান, বুধবার রাতে তাঁর নলডাঙ্গা রাজবাড়ীর আরও একটি পুকুরে বিষ দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার সকালে পুকুরের পাড়ে এসে দেখেন, সব মাছ মরে ভেসে উঠেছে। এই পুকুরে তিনি ফেব্রুয়ারি মাসে মাছ ছাড়েন। মাছগুলো বড় হয়ে উঠেছিল। কয়েক মাস পর বিক্রি করলে তিন লাখ টাকা পেতেন তিনি।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আগের অভিযোগটি একজন উপপরিদর্শক (এসআই) তদন্ত করছেন। বুধবারের ঘটনার বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তার পরও তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।