ঝিনাইদহের সেই ভাটায় অভিযান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার ফটিকখালী গ্রামের এসএমবি ব্রিকসে গতকাল বুধবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের নির্দেশে ওই ইটভাটা কর্তৃপক্ষ সড়কের ওপরে রাখা মাটি সরিয়ে নেওয়া শুরু করে। পাশাপাশি কাঠ পোড়ানোর দায়ে ভাটা কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএমবি ব্রিকসের দুই পাশ দিয়ে দুটি সড়ক রয়েছে। কিন্তু ভাটা কর্তৃপক্ষ পূর্ব পাশের সড়কটির ওপর প্রায় পাঁচ ফুট উঁচু মাটি স্তূপ করে রেখেছে। এ কারণে সড়কটি দিয়ে চার গ্রামের বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ইটভাটা গিলেছে সরকারি সড়ক!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বিকেলে তাঁরা ওই ইটভাটায় অভিযান চালান। এ সময় সরকারি সড়কের ওপর থাকা মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। তাৎক্ষণিকভাবে ভাটার শ্রমিক দিয়ে এই মাটি সরানো শুরু হয়। সড়কটি দ্রুত জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ওই ইটভাটায় জ্বালানি হিসেবে
কাঠ পোড়ানো হচ্ছিল। এ অপরাধে ভাটা কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কাঠ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
এ অভিযান পরিচালনার করায় স্থানীয় ফটিকখালী গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষ আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, সড়কটি নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে খুব কষ্টে ছিলেন। এ রাস্তা দিয়ে হেঁটে বা বাইসাইকেলে চলা যেত। মাটির স্তূপের কারণে অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারত না।