মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই আদিবাসী খাসি (খাসিয়া) পুঞ্জির বাসিন্দাদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলন হয়েছে।গতকাল মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম প্রথমে মানববন্ধন করে। পরে আদিবাসী ফোরামের উদ্যোগে প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলা হয়, এনিওয়েল সুরং নামের একজন আদিবাসী ১৯৩৫ সালে কুলাউড়া উপজেলার পৃথিমপাশার জমিদারের কাছ থেকে ৯৩ হাল (১২ কিয়ার বা বিঘায় এক হাল) ভূমি বন্দোবস্ত নিয়ে পানচাষ শুরু করেন। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অজ্ঞতা, দুর্গম যোগাযোগব্যবস্থা, অশিক্ষা ইত্যাদি কারণে খাসিয়ারা তাদের ঐতিহ্যগত দখলীয় ভূমি ১৯৬৫ সালে ভূমি জরিপকালে তাদের নামে স্থায়ী বন্দোবস্তের রেকর্ড করাতে পারেনি। পরবর্তী সময়ে এই ভূমি নিয়ে ঝিমাই চা-বাগানের সঙ্গে তাদের (আদিবাসীদের) বিরোধ বাধে। বিভিন্ন সময় ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষ পুঞ্জির পানজুম এলাকা থেকে জোর করে গাছ কেটে নিয়ে যায়। শ্রমিকদের গৃহনির্মাণের নামে খাসিয়াদের ভূমি দখলের চেষ্টা করে। চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে খাসিদের কোনো ধরনের চুক্তি না থাকলেও সহজ-সরল খাসি আদিবাসীদের কাছ থেকে চা-বাগান কর্তৃপক্ষ বিভিন্ন সময় বাগানের রাস্তা ব্যবহার, রাস্তাঘাট-ব্রিজ নির্মাণ, মেরামত ও সংরক্ষণের কারণ দেখিয়ে লাখ লাখ টাকা নিয়েছে। শুধু তাই নয়, বাগান কর্তৃপক্ষ একাধিকবার লক্ষাধিক টাকা ধার নিয়েছে, যা শোধ করেনি।অন্যদিকে ভূমি দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিরাপত্তার অজুহাতে খাসিদের হয়রানি করার জন্য বাগান কর্তৃপক্ষ প্রধান সড়কের মাঝখানে ফটক নির্মাণ করে সব ধরনের যান চলাচল বন্ধ করেছে। অথচ এই রাস্তাঘাট নির্মাণে পুঞ্জিবাসী বাগানকে আর্থিকভাবে সহযোগিতা করেছিল। যান চলাচল বন্ধের কারণে যাতায়াত, জরুরি চিকিৎসার জন্য রোগী স্থানান্তর, মালামাল বা কোনো ধরনের নির্মাণসামগ্রী পরিবহন করা যায় না। সংবাদ সমেঞ্চলনে অবিলম্বে ঝিমাই চা-বাগান কর্তৃক নিরীহ খাসি জনগণকে হয়রানি বন্ধ করতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ, ঝিমাই চা-বাগানকে দেওয়া ইজারার ভূমি থেকে পুঞ্জির ভূমি বাদ দেওয়া, মেয়াদ শেষে চা-বাগানকে সরেজমিনে তদন্ত করে ইজারা প্রদান, খাসি জনসাধারণের জীবনধারণ ও প্রাকৃতিক পরিবেশের স্বার্থে চা-বাগান কর্তৃপক্ষকে পানপুঞ্জিতে অবস্থিত গাছ কাটার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান সুচিয়াং, চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক, আদিবাসী ফোরামের যুগ্ম সহমহাসচিব ফিলা পতমী, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, মণিপুরি কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক ভিমপল সিংহ, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক জনক দেব বর্মণ প্রমুখ।