ঝিমিয়ে পড়েছে পঞ্চগড়ের সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে সাংস্কৃতিক চর্চা আগের মতো নেই। ঝিমিয়ে পড়েছে জেলার সাংস্কৃতিক অঙ্গন। সাংস্কৃতিক অঙ্গনে আগের মতো সেই প্রাণচাঞ্চল্য আর নেই। দিবসভিত্তিক দায়সারা গোছের সরকারি কিছু অনুষ্ঠানই যেন সাংস্কৃতিক চর্চার প্রধান ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।

পঞ্চগড়ের শিল্পী, সাহিত্যিক, নাট্যকার ও নির্দেশক সূত্র জানায়, সরকারি দলের আজ্ঞাবহ শিল্পীদের গৎবাঁধা এবং পুরোনো কিছু পরিবেশনা ছাড়া অনেক দিন ধরে জেলায় ব্যতিক্রম কোনো সাংস্কৃতিক আয়োজন নেই। রাজনৈতিক অস্থিরতা, পৃষ্ঠপোষকতার অভাব, তরুণ প্রজন্মের অনাগ্রহ, গণমাধ্যমের একমুখী প্রচারণা, শিল্পীসমাজের কোন্দলসহ নানা কারণ এর জন্য দায়ী।

সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে প্রায় অর্ধশতাধিক সংগঠন থাকলেও হাতে গোনা দু-একটি সংগঠন ছাড়া বাকিগুলো নামসর্বস্ব হয়ে পড়েছে। অনেক সংগঠন বিলুপ্তির পথে। পাঁচ বছর আগে কারিগর নামে একটি থিয়েটার স্কুল প্রতিষ্ঠিত হলেও পৃষ্ঠপোষকতা আর শিক্ষার্থীর অভাবে সেটিও ধুঁকে ধুঁকে চলছে।

ইতিমধ্যে কার্যক্রম না থাকায় পঞ্চগড় জেলা নাট্য সমিতির সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আশির দশকে প্রতিষ্ঠিত এই নাট্য সমিতি এক দশক ধরে নতুন কোনো প্রযোজনা মঞ্চে আনতে পারেনি।

নাট্য সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, বয়সের ভারে সদস্যরা কাজ করতে পারছেন না। নতুনরাও মঞ্চের প্রতি আগ্রহী হয়ে উঠছেন না।

বহুভুজ সাহিত্য পরিষদের সভাপতি আলী ছায়েদ বলেন, এখানে সাংস্কৃতিক অঙ্গনে কোনো পৃষ্ঠপোষকতা নেই। অপরদিকে তরুণেরা রাজনীতির প্রতি যতটা আগ্রহী, সেই তুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁদের আগ্রহ নেই বললেই চলে। এ ক্ষেত্রে জেলা শিল্পকলা একাডেমী কিছুটা ভূমিকা রাখতে পারত, কিন্তু সেটিও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চলছে। সেখানে মূলধারার কোনো শিল্পী-সাহিত্যিক যান বলে মনে হয় না।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম বলেন, তরুণদের সামাজিক দায়বদ্ধতা কমে যাওয়া এবং টেলিভিশন ও সিনেমানির্ভর হয়ে ওঠাও জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়ার একটি কারণ। এ ক্ষেত্রে শিল্পকলা একাডেমী ভূমিকা রাখতে পারলেও সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

পঞ্চগড় শিল্পকলা একাডেমীতে নাট্য বিভাগ ছাড়া সব বিষয়ে শিক্ষক থাকলেও ছাত্রছাত্রী ভর্তি বা নিয়মিত ক্লাস হচ্ছে না। নাট্য বিভাগে শিক্ষক পদটি সাত বছর ধরে শূন্য রয়েছে।

শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান জানান, সব কার্যক্রমই ঠিকভাবে চলছে। তবে পঞ্চগড়ের শিল্পকলা অঙ্গন কিছুটা ঝিমিয়ে পড়েছে, এ কথা সত্য। শিগগিরই নাট্য প্রশিক্ষকসহ আরও কয়েকটি বিভাগে প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ভূমিজ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার বলেন, একেবারেই ঝিমিয়ে পড়েছে, এ কথা ঠিক না। পঞ্চগড়ে অনেক সম্ভাবনাময় শিল্পী ও অভিনেতা আছেন। তাঁরা পৃষ্ঠপোষকতার অভাবে পড়ে আছেন। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে অশ্লীল প্রচারণা, শিল্পীদের মাদক সেবন ও নানা অনৈতিক কাজের খবর ছড়িয়ে পড়ায় এর প্রভাব পঞ্চগড়েও পড়েছে।

পঞ্চগড় শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু কেউ এগিয়ে না এলে কেমন করে হবে।’