নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পদ, নিয়োগ-বাণিজ্য ও দরপত্র নিয়ে দ্বন্দ্বের কারণে নেতা-কর্মীদের মধ্যে কোন্দল এবং দীর্ঘ নয় বছরেও সম্মেলন না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের কার্যক্রম এখন শুধু বিভিন্ন দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা জানান, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড না থাকলেও পদ নিয়ে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল রয়েছে। শহরের পুরোনো বাস টার্মিনাল চত্বরে নবনির্মিত দলীয় কার্যালয় প্রায় সময়ই ফাঁকা থাকে। জেলা কমিটির নেতারা দলীয় কার্যালয়ে যান না। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান জানান, দলের সাংগঠনিক অবস্থা মোটেও ভালো নেই। বেশির ভাগ নেতা নিয়োগ-বাণিজ্য ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত। নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু জানান, গত বছর জেলা কমিটির সভায় সদস্য সংগ্রহ অভিযান ও প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজও সেসব কর্মসূচি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির সিকদার বলেন, সরকারের সফলতাগুলো জনগণের সামনে তুলে ধরতে দলের সর্বস্তরের সংগঠন ও নেতা-কর্মীদের দফায় দফায় নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এ ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, সর্বশেষ ২০০৪ সালের মে মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এরপর আর সম্মেলন না হওয়ায় ঝিমিয়ে পড়েছে সংগঠনটি। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের মধ্যে ছোট ছোট গ্রুপ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন জেলা সম্মেলন না হওয়ায় দলীয় কার্যক্রম থেকে দূরে সরে আছেন অনেক নেতা। কমিটির কোনো পর্যায়ের সভায়ই তাঁদের উপস্থিতি নেই। তাই দলকে চাঙা করতে হলে সমেঞ্চলন করা জরুরি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহমঞ্চদ আলী জানান, জেলা আওয়ামী লীগের রাজনীতির চলমান স্থবিরতা ঈদের পর কেটে যাবে। ঈদের পর জেলা আওয়ামী লীগ সদস্য সংগ্রহ অভিযান শেষ করবে। এর মধ্য দিয়ে ওয়ার্ড, থানা, ইউনিয়ন কমিটিগুলো চাঙা হবে। তিনি দাবি করেন, জনগণের সামনে সরকারের সফলতা তুলে ধরতে জেলার প্রতিটি ইউনিয়নে জনসভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু জনপ্রতিনিধিরা সহায়তা না করায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।জেলা কমিটির সদস্য এস এ মতিন জানান, জেলা কমিটির ১০১ সদস্যের মধ্যে ৯০ শতাংশ নিষ্ক্রিয়। জেলার বেশির ভাগ নেতা-কর্মী নানা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, কেউ নিজাম উদ্দীন খান, কেউ শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস; আবার কেউ সৈয়দ মহমঞ্চদ আলীর অনুসারী। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জেলা কমিটির সঙ্গে ওয়ার্ড, থানা ও ইউনিয়ন কমিটির যোগাযোগ হয় না। এসব কারণে নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। কালিয়া উপজেলা পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাদুল খান বলেন, জেলা কমিটির সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ হয় না।