ঝিমিয়ে পড়েছে ম্যানিলার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনার পর পেরিয়ে গেছে তিন মাসেরও বেশি সময়। এ অর্থের সিংহভাগ যাঁরা ফিলিপাইনের একটি ব্যাংক হয়ে ক্যাসিনোয় পাচার করেছিলেন, তাঁদের সবাই এখনো ধরাছোঁয়ার বাইরে। তদন্তে দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও (এনবিআই) যুক্ত করা হয়নি পুরোমাত্রায়। সিনেটে যে শুনানি শুরু হয়েছিল, গত সপ্তাহে তাও শেষ পর্যায়ে এসে ঠেকেছে।
এনবিআইয়ের পরিচালক ভার্গিলিও মেন্ডেজ বলেছেন, ‘তদন্তে আমাদের যৎসামান্য অংশগ্রহণ রয়েছে।’ অথচ রাষ্ট্রীয় এ সংস্থার রয়েছেন পাঁচ হাজার এজেন্ট। কেন বিশাল কর্মী বাহিনীর এ সংস্থাকে পার্শ্বচরিত্রে রেখে স্বল্পক্ষমতার অর্থ পাচার প্রতিরোধ কাউন্সিলকে (এএমএলসি) মাঠে নামানো হয়েছে, তার কোনো উত্তরও নেই কারও কাছে।
বেশ কয়েকজন কর্মকর্তা এবং বেসরকারি গোয়েন্দা বলেছেন, ফিলিপাইনে এ অর্থের পথ অনুসরণ করে চুরির এ ঘটনার একটা মীমাংসায় পৌঁছানো যাবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যানিলার তদন্ত ঝিমিয়ে পড়েছে। তাঁদের দাবি, চোরেরা আসলে ফিলিপাইনের অর্থ পাচার প্রতিরোধ আইনের দুর্বলতা সম্পর্কে বেশ ভালোভাবেই জানত।
ম্যানিলাভিত্তিক বেসরকারি একটি গোয়েন্দা সংস্থার অগাস্টাস এসমারেল্ডার মতে, বাংলাদেশ ব্যাংকের এ রিজার্ভ চুরির ঘটনা বিশ্বের অন্যতম বড় সাইবার চুরি। একে কিছুতেই সাধারণ একটি ব্যাংক হ্যাকিংয়ের ঘটনা বলে মনে করা ঠিক হবে না। তিনি বলেন, ‘ব্যাংক, অর্থ পাচার প্রতিরোধ ব্যবস্থা, ক্যাসিনো সম্পর্কে ভালোভাবে জানে, এমন ব্যক্তিরাই এ ঘটনা ঘটিয়েছে।’
ফিলিপাইনের ক্যাসিনোগুলো অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় পড়ে না। ফলে খেলোয়াড়দের অর্থের উৎসের ব্যাপারে সরকারকে তথ্য দিতে বাধ্য নয় তারা। এই কারণটিকেই তদন্ত ঝিমিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। জুয়ার ব্যবসাকে জমিয়ে তুলতে ২০১৩ সালে ফিলিপাইনের কংগ্রেস ক্যাসিনোগুলোকে অর্থ পাচার প্রতিরোধ আইনের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়।
ফিলিপাইনের তথ্য গোপনীয়তার পুরোনো ধাঁচের ব্যাংকিং আইনও তদন্তকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্রাহকের সব ধরনের অর্থ জমার তথ্য এবং বিদেশি অর্থের উৎস গোপন রাখে ব্যাংকগুলো।
গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৯৫১ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করে হ্যাকাররা। বেশির ভাগ চেষ্টা আটকে দেওয়া গেলেও ৮১ মিলিয়ন ডলার ঠিকই চলে যায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের (আরসিবিসি) একটি শাখায়। সেখান থেকে ওই অর্থের বেশির ভাগটা চলে যায় ক্যাসিনোতে। যাঁদের হাত দিয়ে ব্যাংকিং পর্যায়ে এই লেনদেন হয়েছে, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে ফিলিপাইনস সিনেটের তদন্তকারী কমিটি।