ঝিলমিল প্রকল্পে সাংসদের জন্য প্লট বরাদ্দের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিলমিল প্রকল্পের পরিধি বাড়িয়ে সাংসদদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ ঘোষণা দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিতে গিয়ে মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্পের পরিধি বাড়ানোর জন্য ৭০০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। প্রথমে মন্ত্রী সাংসদদের সেখানে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দেন। কিন্তু তাতে সাংসদেরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ ছিলেন। পরে মন্ত্রী প্লট বরাদ্দের ঘোষণা দিলে সাংসদেরা টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান। তখন মোশাররফ হোসেন বলেন, ফ্ল্যাটের কথা বলায় সাংসদেরা চুপচাপ আর প্লটের ঘোষণা দেওয়ায় এখন তাঁরা খুশি। যদিও এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছিলেন, সাংসদদের প্লট দেওয়ার জন্য আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। প্লটের পরিবর্তে ফ্ল্যাট বানিয়ে তা বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর রাজউক ও গৃহায়ণ কর্তৃপক্ষ ফ্ল্যাট তৈরির বিভিন্ন প্রকল্প গ্রহণ করে।
এদিকে, বাজেট আলোচনায় অংশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ওপর আগামী অর্থবছর থেকে মূল্য সংযোজন কর বা মূসক আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তারানা হালিম। এ ছাড়া তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে থোক বরাদ্দ এবং সড়ক দুর্ঘটনা রোধে আলাদা বরাদ্দের দাবি জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাতের বিষয় উল্লেখ করে তারানা হালিম সংসদে বলেন, চাল, ডাল, নুন, ভোজ্যতেলের একটি লম্বা ফর্দ তিনি মোদির কাছে তুলে ধরেছেন। কিন্তু সেটি কোনো কাজে আসেনি।
সাংসদ শামসুল হক ভূঁইয়া আগামী বাজেটে পাট ও চা-শিল্প সুরক্ষায় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যাংকের জন্য হাজার কোটি টাকা মূলধন সংরক্ষিত রাখা হয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী পাট ও চা-শিল্পের জন্য কোনো প্রণোদনা রাখা হয়নি। অথচ এ দুই শিল্পের সঙ্গে কয়েক লাখ জড়িত। সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় গতকাল বৃহস্পতিবার পাঁচজন সাংসদ বক্তব্য দেন। এর আগে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২০০৭ সালের এক-এগারো পরবর্তী সময়ের কারামুক্তি দিবস উপলক্ষে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ দলীয় সাংসদ পঙ্কজ দেবনাথ ও স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম। এ সময় তাঁরা বলেন, ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর শেখ হাসিনাকে ‘বিষ প্রয়োগে’ মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা কারাগার থেকে মুক্তি পান। বাজেটের ওপর আলোচনা শেষে সংসদের কার্যক্রম আগামী রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।