এক হাজার ২০০ প্লটের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে মোট ৩৫ হাজার
ঝিলমিল প্রকল্পের লটারি ১১ এপ্রিল
আগামী ১১ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝিলমিল আবাসন প্রকল্পে বিভিন্ন শ্রেণী-পেশার আবেদনকারীদের মধ্যে প্লট বরাদ্দের জন্য লটারি করবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা লটারির কাজে সহায়তা করবেন। রাজউকের দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই প্রকল্পে লটারির সিদ্ধান্ত ছিল। রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আরও আগেই লটারি অনুষ্ঠানের কথা থাকলেও সঠিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাই ও কারিগরি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এখন এ বিষয়ে আর কোনো সমস্যা নেই। সব আবেদনপত্র বুয়েটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজউক চেয়ারম্যান বলেন, গতকাল সকালে রাজউকের বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করে ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের লটারি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছেন। বেশির ভাগ শ্রেণী বা ক্যাটাগরির জন্য ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বুয়েটের সহায়তায় এই লটারি শতভাগ স্বচ্ছ হবে বলে নিশ্চয়তা দিতে পারি আমরা।’ রাজধানীর পোস্তগোলার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঝিলমিল প্রকল্প এলাকা। বরাদ্দ নীতিমালা অনুসরণ করে মোট ২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ ও বিচারপতিদের জন্য লটারি হবে না। তাঁদের সব আবেদনপত্রের বিপরীতেই প্লট দেওয়া হবে। আগে প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও লটারি হবে না। কিন্তু প্লট সংখ্যার তুলনায় বেশি আবেদনপত্র জমা পড়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। ঝিলমিল আবাসিক প্রকল্পে গত বছরের জুনে মোট এক হাজার ২০০ প্লটের বিপরীতে আবেদনপত্র গ্রহণ শুরু করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত জমা নেওয়া হয়। শুরুতে জমা পড়া আবেদনপত্রের সংখ্যা ছিল ২৮ হাজার। সময় বাড়ানোর পর আরও সাত হাজার আবেদনপত্র যোগ হয়। এতে প্রকল্পের বিভিন্ন শ্রেণীতে (ক্যাটাগরি) মোট ৩৫ হাজার আবেদনপত্র জমা পড়ে। প্রকল্পে রয়েছে পাঁচ, তিন ও আড়াই কাঠার প্লট। তবে আড়াই কাঠার প্লটের জন্য আবেদনপত্র নেওয়া হয়েছে শুধু ক্ষতিগ্রস্ত জমি মালিকদের কাছ থেকে।সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে লটারির জন্য জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, বেতন স্কেল হিসাব করে প্লট বরাদ্দের আবেদনপত্র বাছাই করা হয়েছে বলে রাজউক সূত্র জানিয়েছে। ব্যবসায়ী-শিল্পপতি, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, কৃষিবিদ, প্রকৌশলী ও স্থপতি, চিকিৎসক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আইনজীবী ও বিবিধদের (গৃহিণীসহ) ক্ষেত্রেও লটারি হবে। এ ছাড়া ১০ শতাংশ সংরক্ষিত কোটা রাখা হবে।রাজউক সূত্র জানায়, যেসব আবেদনকারী ১১ এপ্রিলের লটারি অনুষ্ঠানে উপস্থিত হতে চান, তাঁদের আবেদনপত্র জমা দেওয়ার রসিদ সঙ্গে আনতে হবে। রসিদ পরীক্ষা করে তাঁদের লটারিস্থলে প্রবেশ করতে দেওয়া হবে। লটারি অনুষ্ঠানের আগেই সংবাদপত্রে এ তথ্য ছাড়াও যাবতীয় বিষয় জানিয়ে বিজ্ঞপ্তি দেবে রাজউক।