ঝিলে কীটনাশক ঢেলে মাছ নিধন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বরইতলী গ্রামের একটি ঝিলে রাক্ষুসে মাছ ঠেকাতে ‘রোটেনান’ কীটনাশক ঢেলে হাজার হাজার নিরীহ মা মাছ ও পোনা নিধন করা হয়েছে।জলমহালটির ইজারাদার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের লোকজন এ ঘটনা ঘটায়। এতে গতকাল সোমবার বহু মাছ মরে ভেসে ওঠে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ইজারাদারের লোকজন জলমহালটি সেচে মাছ ধরে। এরপর ভারী বৃষ্টিপাতে জলমহালটি পানিতে ভরে যায়। এরই মধ্যে পাশের বরইতলী হাওরের সঙ্গে যুক্ত একটি খাল দিয়ে ওই ঝিলে বিভিন্ন জাতের মাছ ঢোকে। গত রোববার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইজারাদারের লোকজন ঝিলে ‘রোটেনান’ ঢালে। এতে মলা, ট্যাংরা, পুঁটি, কই, শিং, টাকিসহ বিভিন্ন জাতের মা ও পোনা মাছ মারা যায়। এ ছাড়া খাল দিয়ে পানি প্রবাহের কারণে বরইতলী হাওরেও বেশ কিছু মাছ মারা গেছে।মৎস্য বিভাগ সূত্র জানায়, সাধারণত শুকনো মৌসুমে জলাশয় বা পুকুরের পানি কমে গেলে রাক্ষুসে মাছ নিধনে ‘রোটেনান’ ব্যবহার করা হয়। এটি পানির অক্সিজেন কমিয়ে দেয়। এদিকে বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজননকাল। এ সময় মা মাছ ডিম ছাড়ে এবং মাছের প্রজনন ঘটে।গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বরইতলী ঝিল ও হাওরের মৃত মাছ পানিতে ফুলেফেঁপে ভেসে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক ফখর উদ্দিন, সরফ উদ্দিন, আবদুর রহমান, মানিক মিয়াসহ আরও কয়েকজন অভিযোগ করেন, শুকনো মৌসুমে এই কাজটি করা যেত। কিন্তু অসময়ে ‘রোটেনান’ ঢালায় বিভিন্ন জাতের নিরীহ মা মাছ মারা গেছে। কাজটি সমীচীন হয়নি। মরা মাছের দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।ইজারাদারের পক্ষের বদরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছর তাঁরা ৩৫ হাজার মাছের পোনা ছাড়েন। কিন্তু রাক্ষুসে মাছের কারণে তাঁদের বেশ ক্ষতি হয়। সে কারণে এ বছর পোনা ছাড়ার আগে তাঁরা ‘রোটেনান’ ঢালার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, অন্যান্য জাতের মাছ বেশি মারা যায়নি।জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, এলাকাবাসীর কাছ থেকে ঘটনা শুনে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তাকে খোঁজখবর নিতে বলেছেন।মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ বলেন, অসময়ে রোটেনান ঢেলে মাছ নিধনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।