ঝিলে বাড়ি দেবে প্রাণহানির কারণ প্রশাসনের দায়িত্বহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে টিন-কাঠের বাড়ি দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় গণপূর্ত, ঢাকা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, রাজউক ও পুলিশ প্রশাসনের উদাসীনতা ও দায়িত্বহীনতা ছিল বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যালয়ে ‘মালিবাগ চৌধুরীপাড়া ট্র্যাজেডির দায় এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনের আয়োজক ছিল পবা ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)। এতে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে নাসফের সভাপতি হাফিজুর রহমান বলেন, গণপূর্ত, ঢাকা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, রাজউক ও পুলিশ প্রশাসনের দায়িত্বহীনতা, ব্যর্থতা এবং দখলদারদের স্বেচ্ছাচারিতার পরিণতি মালিবাগ চৌধুরীপাড়ার এই ট্র্যাজেডি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও তা ঝুঁকিমুক্ত করতে এসব সংস্থার মধ্যে কোনো সমন্বয় নেই। হাফিজুর রহমান বলেন, মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের জমি দখল করে মৃত্যুফাঁদ তৈরি করা হয়েছিল। রাজউক এর দায়দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়।
সম্মেলনে আরও বক্তব্য দেন নাসফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, পবার চেয়ারম্যান আবু নাসের খান, নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত।