ঝিলের জলে আলোর নাচন

কত রং দেখতে চান? লাল, নীল, বেগুনি, সবুজসহ অসংখ্য সব রং চোখে পড়বে আপনার। সন্ধ্যার পর সংগীতের তালে তালে দেখা যাবে আলোর এ নাচন।
রাজধানীর হাতিরঝিলে খুব শিগগির রঙের ফোয়ারার এই খেলা শুরু হবে। হাতিরঝিলের আশপাশের মধুবাগ, মহানগর প্রজেক্ট, গুলশান, পুলিশ প্লাজা ও মেরুল বাড্ডার অংশ থেকেও এই আলোর নাচন উপভোগ করা যাবে।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘হাতিরঝিল মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন’। এই ঝরনা বা ফোয়ারায় ৪৮৮টি নজেল, আট শ সেট আরজিবি (লাল-সবুজ-নীল) এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। সর্বনিম্ন ১০ মিটার থেকে সর্বোচ্চ ৮০ মিটার পর্যন্ত পানি উঠবে ওই ঝরনা থেকে। সেখানে দেখা যাবে নানান রং। ১ হাজার ৯৮০ বর্গমিটারের এ রঙিন ফোয়ারা বাংলাদেশে এটাই প্রথম। প্রকল্পটি চালু করতে ইতিমধ্যেই হাতিরঝিলের গুলশান আড়ং ও পুলিশ প্লাজার মাঝামাঝি অংশে গোলাকার উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি নগরবাসী দেখতে পাবে রঙিন ফোয়ারার দৃশ্য। ইতিমধ্যেই কয়েকবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এটি।
দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় রঙিন ফোয়ারা বলে জানিয়েছেন হাতিরঝিলের প্রকল্প ব্যবস্থাপক মেজর কাজী শাকিল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আশা করছি পয়লা বৈশাখের আগেই এটি চালু করতে পারব। ফোয়ারার পাশাপাশি একটি থিয়েটার চালু হবে। সেখানে একসঙ্গে দুই হাজার মানুষ বসতে পারবে। এখান থেকেই দেখা যাবে ফাউন্টেন ভিউ।’
হাতিরঝিলের মাঝের দ্বীপ থেকে এ ফোয়ারা নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে শাকিল হোসেন বলেন, উদ্বোধনের পর থেকে প্রতি রাতেই এটি চলবে। আপাতত প্রতিদিন মাগরিব ও এশার পর ১৫ মিনিট করে এটি চলবে।